বগুড়ায় ৭ দফা দাবি আদায়ে দলিল লেখকদের সমাবেশ অনুষ্ঠিত

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় এক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ খোকন পার্কে এই সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলার সর্বস্তরের দলিল লেখকদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
বগুড়া জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোকছেদুর রহমান রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা জনাব হাফিজ আহম্মেদ।
সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জহুরুল ইসলাম টুকু। কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সদর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন মতিনের সঞ্চালনায় জেলা ও সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ এতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে মূল বক্তব্য প্রদানকালে মোঃ জহুরুল ইসলাম টুকু বলেন, পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতেই দলিল লেখা হয়; তাই দলিল লেখকদের ওপর কোনো ধরনের দায় চাপানো বা পেশাগত কারণে মামলায় আসামি করা যুক্তিযুক্ত নয়।
সমাবেশ থেকে অবিলম্বে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কারো মাধ্যমে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রি বন্ধ করার জোর দাবি জানানো হয়। একই সাথে থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স না দিতে সরকারি প্রজ্ঞাপন জারির আহ্বান জানান বক্তারা।
সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের স্থান নির্মাণ এবং পৃথক দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ দফা দাবি বাস্তবায়ন কমিটির বগুড়া জেলা সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসাইন।
ভোরের আকাশ/ইউএম