মতলবে মিড ডে মিলের বানরুটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

চাঁদপুরের মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের বরাদ্দকৃত ‘মিড ডে মিল’-এর বানরুটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের আয়া লিপি দাস সরকারি বানরুটিগুলো পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে মুহূর্তেই তা এলাকায় ছড়িয়ে পড়ে এবং তীব্র অসন্তোষ তৈরি হয়।
এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে সরকার যে খাবার সরবরাহ করছে, তা যথাযথভাবে না খাইয়ে বা সংরক্ষণ না করে এভাবে পুকুরে ফেলে দেওয়া চরম দায়িত্বজ্ঞানহীনতা ও সরকারি সম্পদের অপচয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম জানান, রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বানরুটি অবিক্রীত বা উদ্বৃত্ত ছিল। সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে বানরুটিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ঘটনার বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, মিড ডে মিল কর্মসূচিতে স্বচ্ছতা ও সুব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর মনিটরিং জরুরি।
ভোরের আকাশ/ইউএম