টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন একযোগে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৮ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত ৩ মাস ব্যাপী কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।
দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড' এই প্রকল্পটির পরিচালনায় জেলার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৮ম ব্যাচের ভর্তি পরীক্ষায় মোট ২১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস, কে, এম জিয়াউল বারী।
এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং এন্ড আলিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা এ সময় উপস্থিত ছিলেন।
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা শাখার প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক মো. রানা আহমেদ, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রশিক্ষক পিয়াল বসাক সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষার চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে এবং আগামীকাল রোববার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে এই পরীক্ষা নেয়া হচ্ছে। ২০২৪ সাল থেকে দেশের ৬৪ জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভোরের আকাশ/ইউএম