নওগাঁয় ১১৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৯

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে শ্রী মুনি (৪৫) নামে এক নারীকে মহিলা পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিস—মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সুইপার কলোনি এলাকায় মাদক সেবন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২) নামে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে প্রতিদিনও অভিযান চালানো হবে।
মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/জেআ