ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন ও খনি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চার রাস্তার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লা খনি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন। তিনি ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি খনির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, অতীতে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের ক্ষেত্রে যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে। খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ী কয়লা খনির মুখ রয়েছে। সেখান থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করা প্রয়োজন। দেশের জ্বালানি সংকট নিরসন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ফুলবাড়ীর উন্নত মানের কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কয়লা উত্তোলনের মাধ্যমে দেশের জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব। তাই দ্রুত খনিটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. আব্দুল কাদের, মো. আব্দুল আজিজ ও মো. বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’ এ কর্মসূচির আয়োজন করে।
ভোরের আকাশ/সু.পা