বাসাইল উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি মামুন, সম্পাদক শাহীনুর

টাঙ্গাইলের বাসাইলে ‘উপজেলা নাগরিক কল্যাণ পরিষদ’-এর ৪র্থ ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামুন অর রশীদ খান সভাপতি এবং প্রত্যক্ষ ভোটে শাহীনুর ইসলাম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত ভোটে সৈয়দ মারুফুল ইসলাম টিটনকে বিপুল ব্যবধানে পরাজিত করে জয়ী হন সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম শাহীন।
এর আগে, সংগঠনের আহ্বায়ক ডা. মো. আফাজ উদ্দিন মিঞার সভাপতিত্বে ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম লোটাসের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা. মো. আলী খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম সেলিনা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, সাবেক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব সৈয়দ মারুফুল ইসলাম টিটন এবং উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর, বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আব্দুস সবুর খান চানু ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র