চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তাঁরা। এর ফলে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম স্থগিত হয়ে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন। পরে তাঁরা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ মুহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। তাঁকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রীতম সাহা প্রথম আলোকে বলেন, তাঁরা অধ্যাপক সায়েমকেই উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে দেখতে চান। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত দায়িত্ব শেষ করার পরই তাঁর পদ ছাড়ার বিষয়টি তাঁরা মেনে নেবেন; এর আগে নয়।
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজও কার্যত বন্ধ রয়েছে। একই দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির জানান, শিক্ষক সমিতির সাধারণ সভায় সদ্য সাবেক উপাচার্যকে পুনরায় দায়িত্বে বহাল করার দাবি জানানো হয়েছে। একজন শিক্ষক হিসেবে তিনিও ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানান তিনি।
এর আগে সোমবার রাতেও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তাঁরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
চলতি বছরের ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। তবে দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। গতকাল সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব