লোহাগাড়ায় পাঁচ ভাইয়ের ঘরে লুটের পর ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরির ঘটনা

চট্টগ্রামের লোহাগাড়ায় একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এক রাতের ব্যবধানে পাঁচ ভাইয়ের বসতঘরে ডাকাতি এবং এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী হোসেন খলিফার পাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের বাড়িতে চুরি হয়। তাঁর বাবা মো. আবু তাহের জানান, চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রায় আড়াই লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও কাপড়চোপড় এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে গ্রিল কাটা দেখতে পেয়ে তাঁরা চুরির বিষয়টি জানতে পারেন। মনোয়ার হোসেন বর্তমানে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত।
এর আগের রাতে, বুধবার (১৬ সেপ্টেম্বর) চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা ঘোনা হাকিমিয়া পাড়ায় পাশাপাশি বসবাসকারী পাঁচ ভাইয়ের ঘরে ডাকাতি হয়। ভুক্তভোগীদের ভাষ্য, মুখোশ পরা ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও আটটি মোবাইল ফোন লুট করে। পরে তাঁদের একটি কক্ষে আটকে রেখে ডাকাতরা চলে যায়। ভুক্তভোগীরা হলেন গিয়াস উদ্দিন (৪১), মহিউদ্দিন (৩৯), জসিম উদ্দিন (৩৩), জমির উদ্দিন (২৮) ও কাইসার উদ্দিন (২৬)। গিয়াস উদ্দিন জানান, ঘটনার কয়েক দিন আগে তাঁরা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁদের মারধর করে ঋণের টাকাসহ নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভোরের আকাশ/ এনউব