পাবলিক হেলথ বিশেষজ্ঞ ছাড়া টেকসই স্বাস্থ্য ব্যবস্থা সম্ভব নয়: প্রতিমন্ত্রী

শুধু রোগ বা মহামারি দেখা দেওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসানির্ভর মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হবে। এ জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত আট মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে। মাত্র এক মাসের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে দুই কোটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া ও কোল্ড চেইন নিশ্চিত করা সহজ কাজ ছিল না। এ ধরনের কার্যক্রম সফল করতে চিকিৎসকদের পাশাপাশি দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরিকল্পনা ও লজিস্টিক ব্যবস্থাপনা প্রয়োজন।
ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, হামের প্রাদুর্ভাবের পর ডেঙ্গু মোকাবিলায়ও নানা পদক্ষেপ নিতে হয়েছে। লার্ভিসাইড প্রয়োগ, প্রতিরোধমূলক ব্যবস্থা, হাসপাতালের শয্যা ও স্যালাইন সরবরাহ সমন্বয় এবং দ্রুততম সময়ে দেশের দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসার বিষয়ে হালনাগাদ প্রশিক্ষণ দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব উদ্যোগের পেছনে জনস্বাস্থ্যভিত্তিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায় না। স্বাস্থ্য খাতে এখনো সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বড় ঘাটতি রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর সমন্বয় প্রয়োজন।
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা আয়তন ও জনসংখ্যার দিক থেকে অনেক দেশের সমতুল্য হলেও জেলা পর্যায়ে সমন্বিত স্বাস্থ্য কর্তৃপক্ষ নেই। ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সাজানো গেলে খাতটির চিত্র আমূল বদলে যেতে পারে।
অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অনেক অবকাঠামো ও যন্ত্রপাতি যথাযথভাবে কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সরকারি স্বাস্থ্য খাতে এই অনুপাত একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্সে সীমাবদ্ধ রয়েছে। এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে ড. এম এ মুহিত বলেন, নির্বাচনী ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের সরকারের ২০ দফা অগ্রাধিকারমূলক স্বাস্থ্য লক্ষ্য এবং চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাভিত্তিক থিসিস তৈরির আহ্বান জানান।
নিপসমের গবেষণা কার্যক্রমের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। সেই স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি। এতে শিক্ষার্থীরা সরাসরি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। সরকারের এ লক্ষ্য অর্জনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বিকল্প নেই।
ভোরের আকাশ/জেআ