স্বাস্থ্য প্রশাসন

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুদের দেওয়া হবে টাইফয়েড টিকা

ছবি: সংগৃহীত

দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর নিয়মিত টিকাদান সূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। শিশুর বাম ঊরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে ০.৫ মিলিলিটার মাত্রার এক ডোজ টিকা প্রয়োগ করা হবে। একই টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভিও একযোগে দেওয়া যাবে।

টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।

এ ছাড়া অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুদের দেওয়া হবে টাইফয়েড টিকা | স্বাস্থ্য কথা