আদ-দ্বীন হাসপাতালকে মোবাইল কোর্টের ৩ লাখ টাকা জরিমানা, মনোয়ারায় সতর্ক নির্দেশনা

ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার (১ জুন) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি সংরক্ষণ, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা, অর্থাৎ সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জরিমানার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
এ ছাড়া বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের যৌথ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা



