স্বাস্থ্য প্রশাসন

আদ্-দ্বীন কর্তৃপক্ষের নতুন প্রস্তাবে হাসপাতাল পরিদর্শনে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে সরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভেন্টিলেশন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা জমা দিয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পরিদর্শন দল শিগগিরই হাসপাতালটি পরিদর্শন করবে। পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পরপরই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো পুনর্গঠনের কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, “ছয়জনের মৃত্যুর পর আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে আইসিইউ ইউনিটের দরজা-জানালাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তনের কাজ শুরু করেছে। তারা ভেন্টিলেশন ব্যবস্থা উন্নত করতে একটি প্রস্তাবনা দিয়েছে। আমরা দ্রুত একটি পরিদর্শন দল পাঠাব। পরিদর্শনে সবকিছু সন্তোষজনক ও বাস্তবসম্মত মনে হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

নিহত নবজাতকদের পরিবারের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, “ছয়টি পরিবার আজ চরম সংকটে রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তারা কিছু আর্থিক সহায়তা পেয়েছে। যদিও প্রতিশ্রুত অর্থের পুরোটা না পাওয়ার অভিযোগ রয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।”

মামলার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে। “আমাদের পক্ষে সরাসরি হত্যা মামলা করা সম্ভব নয়। এছাড়া মৃত্যুর পর ময়নাতদন্তের অনুমতি না দেওয়ায় আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায় এবং কোনো পক্ষ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্যসেবা হটলাইন ‘১৬২৬৩’-এর কার্যকারিতা নিয়েও কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি জানান, জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজন হলে এই নম্বরে কল করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া যাচ্ছে।

এছাড়া বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরাঞ্চলসহ দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে সরকার আগাম সতর্ক অবস্থানে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রয়োজনীয় বরাদ্দ ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

আদ্-দ্বীন কর্তৃপক্ষের নতুন প্রস্তাবে হাসপাতাল পরিদর্শনে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় | স্বাস্থ্য কথা