ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক খাবার

ছবি: সংগৃহীত
আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো মস্তিষ্ক। স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাভাবনা থেকে শুরু করে শরীরের প্রায় সব কার্যক্রমই নিয়ন্ত্রণ করে ব্রেন। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর কার্যক্ষমতা ধরে রাখা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কেবল বই পড়া বা ধাঁধার সমাধান করাই নয়, প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক খাবার রাখাও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। ব্রেনকে সক্রিয় ও সতেজ রাখতে নিয়মিত কিছু নির্দিষ্ট খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
তেলযুক্ত মাছ: স্যামন, টুনা, সার্ডিন বা ম্যাকারেলের মতো মাছ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। নিয়মিত এসব মাছ খেলে বয়সজনিত স্মৃতিভ্রংশের ঝুঁকি কমে।
সবুজ শাকসবজি: পালং শাক, মেথি, ব্রকলি বা অন্যান্য সবুজ পাতাযুক্ত সবজি ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন কে, ফলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় এবং মনোযোগ বৃদ্ধি করে।
টমেটো: টমেটোতে থাকা লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের প্রভাব কমায়, ফলে ব্রেন সেলের ক্ষয় ধীর হয়। নিয়মিত খাবারে টমেটো রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যে উপকার পাওয়া যায়।
আখরোট ও বেরিজাতীয় ফল: আখরোটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা-৩ ব্রেনের পুষ্টি জোগায়। পাশাপাশি ব্লুবেরি ও স্ট্রবেরির মতো ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি ও কগনিটিভ ফাংশন উন্নত করতে সহায়তা করে।
চা ও কফি (পরিমিত): চা ও কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে মনোযোগ ও সতর্কতা বাড়ায়। বিশেষ করে গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের জন্য উপকারী হলেও অতিরিক্ত গ্রহণে ঘুমের সমস্যা ও উদ্বেগ বাড়তে পারে, তাই পরিমিত থাকা জরুরি।
বিশেষজ্ঞরা আরও বলেন, ভালো খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখার মূল চাবিকাঠি।
ভোরের আকাশ/সু.পা



