পরামর্শ

কেন বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে নানা অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে বাড়ছে ক্যানসারের প্রকোপ। খাদ্যাভ্যাস থেকে শুরু করে বায়ুদূষণ, দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন উপকরণ ও শারীরিক অসুস্থতা—নানা বিষয় ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, মানুষের জীবনযাপনের কিছু অভ্যাস ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

দেশে ক্যানসারে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি পাঁচজন ক্যানসার আক্রান্তের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সচেতন পরিবর্তন আনা জরুরি। ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে এমন কয়েকটি বিষয় তুলে ধরা হলো—

প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্তি
দৈনন্দিন খাদ্যতালিকায় প্রক্রিয়াজাত মাংস, ভাজাপোড়া ও প্যাকেটজাত খাবারের আধিক্য ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ফ্রোজেন মাংস ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্য নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এসব খাবারের কিছু উপাদান কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

এ ছাড়া ডায়েট সোডা, জিরো-ক্যালোরি পানীয় ও চুইংগামের মতো পণ্যে ব্যবহৃত কিছু রাসায়নিক নিয়েও স্বাস্থ্যঝুঁকির আলোচনা রয়েছে। চকোলেট, বিস্কুট, কুকি, বোতলজাত ফলের রস, ইনস্ট্যান্ট নুডলস ও সসের মতো খাবারে ব্যবহৃত সোডিয়াম নাইট্রাইটসহ বিভিন্ন সংরক্ষণকারী উপাদান অতিরিক্ত গ্রহণের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বায়ুদূষণে শরীরে প্রবেশ করছে ক্ষতিকর কণা
বায়ুদূষণ ক্যানসারের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। বাতাসে ভেসে বেড়ানো অতি সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ এবং যানবাহনের ধোঁয়ায় থাকা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। এসব দূষিত কণার দীর্ঘমেয়াদি সংস্পর্শ ফুসফুসের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে।

রান্নাঘরের কিছু উপকরণেও ঝুঁকি
রান্নাঘরে ব্যবহৃত নন-স্টিক পাত্র, প্লাস্টিকের টিফিন বক্স ও পানির বোতল নিয়েও স্বাস্থ্যঝুঁকির কথা বলছেন গবেষকেরা। নন-স্টিক পাত্র তৈরিতে ব্যবহৃত কিছু রাসায়নিক অতিরিক্ত তাপে ক্ষতিকর হতে পারে। একইভাবে প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা বা মাইক্রোওয়েভে খাবার গরম করার ফলে কিছু রাসায়নিক খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

সম্প্রতি ‘সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট’সহ বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে প্লাস্টিকের পণ্যে থাকা রাসায়নিকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণা প্রকাশিত হয়েছে। এসব রাসায়নিকের কিছু উপাদান মানবদেহের বিভিন্ন অঙ্গের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে নির্দিষ্ট কোনো পাত্র বা রাসায়নিক সরাসরি ক্যানসারের কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার
চিকিৎসকের পরামর্শ ছাড়া সামান্য সর্দি-কাশি বা ভাইরাসজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে অন্ত্রের উপকারী অণুজীবের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার ঘটতে পারে।

এ ছাড়া হেলিকোব্যাক্টর পাইলোরি নামের একটি ব্যাকটেরিয়া পাকস্থলীতে দীর্ঘমেয়াদি প্রদাহ ও সংক্রমণ তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাকটেরিয়াকে পাকস্থলীর ক্যানসারের অন্যতম ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করেছে। তবে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার সরাসরি ক্যানসার ঘটায়—এমন প্রমাণ প্রতিষ্ঠিত নয়।

বিপাকীয় ভারসাম্যহীনতা ও স্থূলতা
শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় ভারসাম্যহীনতা, অতিরিক্ত ওজন ও স্থূলতা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের তথ্য অনুযায়ী, স্থূলতার সঙ্গে অন্তত ১৩ ধরনের ক্যানসারের সম্পর্ক রয়েছে।

শরীরে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন ও ইস্ট্রোজেনসহ বিভিন্ন হরমোনের মাত্রায় পরিবর্তন আসতে পারে। এতে কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ঝুঁকি বাড়ে। এর ফলে স্তন, জরায়ু, কোলন ও অগ্ন্যাশয়ের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের আশঙ্কা তৈরি হতে পারে। সূত্র: আনন্দবাজার

ভোরের আকাশ/সু.পা