বৃষ্টিতে ভিজে ফিরেছেন? অসুস্থতা এড়াতে যা করবেন

ছবি: সংগৃহীত
বর্ষাকালে অফিস শেষে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা অনেকের জন্যই নিয়মিত ঘটনা। তবে বৃষ্টির পানি নয়, ভেজা শরীর ও দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকার কারণেই জ্বর, সর্দি-কাশি বা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর কিছু সহজ অভ্যাস মেনে চললে অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট Health.com-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের Concierge Pediatrics-এর প্রতিষ্ঠাতা, শিশু বিশেষজ্ঞ ও প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. জোনাথন বি. জ্যাসি বলেন, বৃষ্টির পানি সরাসরি কোনো রোগ সৃষ্টি করে না। বরং দীর্ঘ সময় ভেজা পোশাকে থাকলে শরীরের তাপমাত্রা কমে যায়, ফলে রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। এ সময় ভাইরাস সহজেই শরীরে সংক্রমণ ঘটাতে পারে।
ভেজা পোশাক দ্রুত বদলান
বাড়ি ফিরেই ভেজা জামাকাপড়, অন্তর্বাস, মোজা ও জুতা বদলে ফেলতে হবে। দীর্ঘ সময় ভেজা কাপড় পরে থাকলে ত্বকের বিভিন্ন সংক্রমণ এবং ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
কুসুম গরম পানিতে গোসল করুন
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব কুসুম গরম পানিতে গোসল করা উচিত। এতে শরীরে লেগে থাকা ধুলোবালি ও ময়লা পরিষ্কার হওয়ার পাশাপাশি শরীরের তাপমাত্রাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রয়োজনে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা যেতে পারে।
পা ভালোভাবে পরিষ্কার ও শুকনো রাখুন
বর্ষার কাদা ও জমে থাকা নোংরা পানির সংস্পর্শে এলে পায়ে ছত্রাকজনিত সংক্রমণ, বিশেষ করে অ্যাথলেটস ফুট, হতে পারে। তাই গোসলের সময় সাবান দিয়ে পা ও আঙুলের ফাঁক ভালোভাবে ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করা যেতে পারে।
ভেজা অবস্থায় এসি এড়িয়ে চলুন
ব্যাংকক হাসপাতাল পাতায়া ও বেইজিং হেলথ সার্ভিস-এর নির্দেশনা অনুযায়ী, শরীর ও চুল পুরোপুরি শুকানোর আগে এসি কক্ষে প্রবেশ না করাই ভালো। কারণ এতে শরীরের তাপমাত্রা আরও কমে গিয়ে ঠান্ডা লাগা বা শ্বাসতন্ত্রের সমস্যা বাড়তে পারে।
গরম পানীয় পান করুন
গোসলের পর শরীর ভালোভাবে মুছে এক কাপ গরম আদা চা, পুদিনা চা কিংবা গরম স্যুপ পান করলে শরীর দ্রুত উষ্ণ হয়, রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে এবং স্বস্তি পাওয়া যায়।
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যা খাবেন
ফর্টিস হেলথকেয়ার-এর পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, বর্ষাকালে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে খাদ্যতালিকায় ভিটামিন-সি সমৃদ্ধ খাবার—যেমন লেবু, আমলকী ও পেয়ারা—এবং জিঙ্কসমৃদ্ধ খাবার রাখা উচিত। এ ছাড়া তৃষ্ণা কম পেলেও পর্যাপ্ত নিরাপদ বা ফুটিয়ে ঠান্ডা করা পানি পান করতে হবে। একই সঙ্গে রাস্তার খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ বর্ষাকালে দূষিত খাবার ও পানির মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়।
সচেতনতা
এই প্রতিবেদনটি সাধারণ স্বাস্থ্যসচেতনতার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা, রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
ভোরের আকাশ/সু.পা



