ছয় শিশুর মৃত্যুর ঘটনা গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঈদের আগে ঘটে যাওয়া এই ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজেও হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ঘটনাস্থল ঘুরে দেখেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও পৃথক তদন্ত করছে। শিশুদের মায়েদের বক্তব্যসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত আরও কার্যকরভাবে পরিচালনা করা হবে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রস্তুতের জন্য অতিরিক্ত কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন হাতে পাওয়া যাবে। এরপর বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।
ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্টমর্টেমে সম্মতি দেননি অভিভাবকরা
শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি।
তিনি বলেন, “অভিভাবকদের পোস্টমর্টেমের বিষয়ে রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা কেউই সম্মত হননি। জোর করে করলে নতুন সংকট সৃষ্টি হতে পারত।”
মন্ত্রী আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা



