স্বাস্থ্য প্রশাসন

চিকিৎসাসেবা জোরদারে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। এই সংকট মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। ফলে নার্সের ৪ হাজার ৫৭৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জনবল সংকট রয়েছে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এ খাতে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে শূন্য রয়েছে ১৮ হাজার ৯৪৭টি পদ।

পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের অনুমোদিত সংখ্যা ২৩ হাজার ৫০০টি হলেও কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। ফলে এই ক্যাটাগরিতে শূন্য রয়েছে ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ শূন্য। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ ফাঁকা রয়েছে। স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের মোট সংখ্যা ২০ হাজার ৯০৯টি, যার মধ্যে শূন্য রয়েছে ৬ হাজার ৯৫৩টি পদ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শূন্যপদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট নিরসনে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া সিনিয়র স্টাফ নার্সের শূন্যপদ পূরণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। দশম গ্রেডের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য গত ১৯ এপ্রিল চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে দ্রুত তাদের পদায়ন করা হবে।

সরকারের নির্বাচনি অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে শূন্য পদগুলোতে দ্রুত জনবল পদায়নের কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ভোরের আকাশ/সু.পা

চিকিৎসাসেবা জোরদারে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা