স্বাস্থ্য শিক্ষা

চোখে অতিরিক্ত পানি পড়া কি স্বাভাবিক?

ছবি: সংগৃহীত

চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়া অনেকেই সাধারণ সমস্যা বলে মনে করেন। তবে এটি সব সময় স্বাভাবিক নয়। চোখের বিভিন্ন রোগ বা সমস্যার কারণেও এমনটি হতে পারে। 

চোখ দিয়ে পানি পরার কিছু কারণ

১. চোখের যেকোনো ধরনের প্রদাহ বা সংক্রমণ, যেমন কনজাংটিভাইটিস (চোখ ওঠা), হলে চোখ থেকে অতিরিক্ত পানি পড়তে পারে।

২. এ ছাড়া চোখে স্বাভাবিকভাবে যে অশ্রু তৈরি হয়, তা যদি ঠিকমতো নিষ্কাশিত হতে না পারে, তাহলেও চোখ দিয়ে পানি পড়ে। এ অবস্থাকে ন্যাসোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন বা চোখের পানির নালি বন্ধ হয়ে যাওয়া বলা হয়।

৩. বর্তমানে দীর্ঘ সময় মোবাইল ফোন, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে ড্রাই আই একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। অনেকেই মনে করেন, ড্রাই আই মানেই শুধু চোখ শুকিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে ড্রাই আই হলেও চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়তে পারে।

এর কারণ হলো, ড্রাই আই হলে কর্নিয়ার ওপরের টিয়ার ফিল্ম (Pre-corneal Tear Film) শুকিয়ে যায়। তখন চোখ নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিক্রিয়াস্বরূপ (Reflex Tearing) অতিরিক্ত অশ্রু তৈরি করে। ফলে চোখ শুকিয়ে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত পানি পড়ার সমস্যাও দেখা দেয়।

তাই চোখ দিয়ে নিয়মিত পানি পড়লে বিষয়টি অবহেলা না করে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক কারণ শনাক্ত করে সময়মতো চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষ করে ড্রাই আইয়ের যথাযথ চিকিৎসা না নিলে ধীরে ধীরে কর্নিয়ার ক্ষতি হতে পারে। শুরুতে কর্নিয়ার বাইরের স্তর, অর্থাৎ এপিথেলিয়াম, ক্ষতিগ্রস্ত হয়। সময়মতো চিকিৎসা না হলে এটি আরও গুরুতর আকার ধারণ করে কর্নিয়ায় স্থায়ী ক্ষতির কারণও হতে পারে।

ভোরের আকাশ/সু.পা