স্বাস্থ্য শিক্ষা

ঘুমের সময় ইয়ারফোন ব্যবহার কতটা নিরাপদ?

ছবি: সংগৃহীত

কোলাহলপূর্ণ পরিবেশে অনেকেরই ঘুমাতে সমস্যা হয়। এমন পরিস্থিতিতে কেউ কেউ ইয়ারফোন, ইয়ারবাড বা হেডফোন ব্যবহার করে প্রশান্তিময় সঙ্গীত বা প্রকৃতির শব্দ শুনে ঘুমানোর চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে, এটি ঘুমে সহায়ক হতে পারে, তবে শব্দের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ইয়ারফোন বা ইয়ারবাডে শোনা শব্দের মাত্রা ৬০ থেকে ৮০ ডেসিবেলের মধ্যে থাকলে সাধারণত ক্ষতির আশঙ্কা কম থাকে। এই মাত্রার শব্দ ব্লেন্ডার চালানোর সময়, মোবাইল ফোনের রিংটোন বা ব্যস্ত সড়কের স্বাভাবিক পরিবেশের শব্দের কাছাকাছি।

তবে ৮০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ দীর্ঘ সময় ধরে শুনলে কানের ক্ষতি হতে পারে। বিশেষ করে ঘুমের সময় দীর্ঘক্ষণ ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার করলে শ্রবণশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে। অর্থাৎ, সমস্যা ঘুমের কারণে নয়; বরং অতিরিক্ত শব্দের কারণে কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া দীর্ঘ সময় কানে ইয়ারফোন বা ইয়ারবাড লাগিয়ে রাখলে কানের স্বাভাবিক ময়লা বা ইয়ারওয়াক্স (Earwax) বের হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। ফলে কানে ময়লা জমে অস্বস্তি, সংক্রমণ বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। তাই ঘুমের সময় ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার করতে চাইলে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, দীর্ঘ সময় একটানা ব্যবহার না করা এবং কানের পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।