শুধু খাবার নয়, কোলেস্টেরল বাড়াতে পারে আরও যেসব কারণ

ছবি: সংগৃহীত
বর্ত মান সময়ে বেশির ভাগ মানুষের রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা অস্বাভাবিক দেখা যায়। কোনো না কোনো ধরনের কোলেস্টেরলজনিত সমস্যায় তারা ভুগছেন। অনেকেই ডিসলিপিডেমিয়ার শিকার। এ অবস্থায় রক্তে ক্ষতিকর কোলেস্টেরল (এলডিএল) ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়, অন্যদিকে উপকারী কোলেস্টেরল (এইচডিএল) কমে আসে।
বিশেষজ্ঞদের মতে, এলডিএল কোলেস্টেরল বেড়ে গেলে রক্তনালির ভেতরে চর্বি জমতে শুরু করে। এতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
শুধু খাদ্যাভ্যাস নয়, দায়ী আরও নানা কারণ
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোলেস্টেরল বৃদ্ধির অন্যতম কারণ হলেও এটিই একমাত্র কারণ নয়। গবেষকরা বলছেন, দীর্ঘ সময় বসে কাজ করা বা শারীরিক পরিশ্রমের অভাবও বড় ঝুঁকির কারণ। অনেকক্ষণ একটানা বসে থাকলে শরীরের লিপোপ্রোটিন লাইপেজ নামের একটি গুরুত্বপূর্ণ এনজাইমের কার্যকারিতা কমে যায়। ফলে রক্তে থাকা ট্রাইগ্লিসারাইড ঠিকমতো ভাঙতে পারে না এবং ধীরে ধীরে শরীরে জমতে থাকে।
রক্তে শর্করা ও ইনসুলিনের প্রভাব
রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এ অবস্থায় শুধু ডায়াবেটিসের ঝুঁকিই বাড়ে না, পাশাপাশি পেটে অতিরিক্ত চর্বি জমে এবং ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বৃদ্ধি পায়।
উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সম্পর্ক
উচ্চ রক্তচাপও ডিসলিপিডেমিয়ার একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। দীর্ঘদিন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালির দেয়ালে চর্বি জমার প্রবণতা বাড়ে। এ ছাড়া হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হওয়ায় শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এতে লিভার রক্ত থেকে অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল অপসারণে কার্যকরভাবে কাজ করতে পারে না। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে।
চিকিৎসকদের পরামর্শ, ২০ বছর বয়স পার হওয়ার পর থেকেই নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা করা উচিত। বিশেষ করে পরিবারের কারও উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদ্রোগের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও আগেই পরীক্ষা করানো প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং পর্যাপ্ত ঘুম—এসব অভ্যাস কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভোরের আকাশ/সু.পা



