স্বাস্থ্য শিক্ষা

গরমে নাক দিয়ে রক্ত পড়া বাড়ার কারণ এবং করণীয়

ছবি: সংগৃহীত

গরম পড়লেই অনেকের হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা দেয়, যা চিকিৎসা বিজ্ঞানে এপিস্ট্যাক্সিস নামে পরিচিত। সাধারণত এটি গুরুতর না হলেও বারবার হলে শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত দিতে পারে। প্রচণ্ড তাপ, শুষ্ক আবহাওয়া, পানিশূন্যতা, ধুলো ও দূষণ—সব মিলিয়ে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ফেটে যেতে পারে।

গরমে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় নাকের ভেতরের নরম আস্তরণ শুকিয়ে যায়। এই শুষ্কতা থেকেই মূলত রক্তপাতের শুরু। যারা দীর্ঘ সময় এসিতে থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি বের হয়ে যায়, ফলে নাকের ভেতরের সুরক্ষামূলক স্তর পাতলা হয়ে পড়ে। এতে সামান্য চাপেই ক্ষত তৈরি হয়ে রক্তপাত শুরু হতে পারে।

অন্যদিকে, অতিরিক্ত তাপে রক্তনালীগুলো প্রসারিত হয়ে সংবেদনশীল হয়ে ওঠে। ফলে সামান্য ঘর্ষণ বা চাপেই সেগুলো ফেটে যেতে পারে। গরমে ধুলো, দূষণ ও অ্যালার্জির প্রকোপও বেড়ে যায়। এতে নাকের ভেতরে প্রদাহ তৈরি হয়, বারবার হাঁচি বা নাক ঝাড়ার কারণে রক্তপাতের ঝুঁকি বাড়ে। অনেক সময় নাক শুকিয়ে গেলে অনেকে নাক খোঁচান বা ঘষেন—এটিও একটি বড় কারণ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

শিশু ও বয়স্করা এই সমস্যায় বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া যাদের অ্যালার্জি, সাইনাসের সমস্যা, উচ্চ রক্তচাপ রয়েছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদেরও সতর্ক থাকা প্রয়োজন।

তবে কিছু লক্ষণ অবহেলা করা উচিত নয়—১৫-২০ মিনিটেও রক্তপাত বন্ধ না হওয়া, বারবার একই সমস্যা হওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, আঘাতের পর রক্ত পড়া বা মাথা ঘোরা। এসব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এই সমস্যা এড়াতে কিছু সহজ অভ্যাস সাহায্য করতে পারে। পর্যাপ্ত পানি পান করা, নাক ভেজা রাখতে স্যালাইন স্প্রে ব্যবহার, ঘরের আর্দ্রতা বজায় রাখা, বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং নাক খোঁচানো থেকে বিরত থাকা—এসবই কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ। নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে আতঙ্কিত না হয়ে সোজা হয়ে বসে সামান্য সামনে ঝুঁকে থাকুন, নাকের নরম অংশ ১০ মিনিট চেপে ধরুন এবং মুখ দিয়ে শ্বাস নিন। মাথা পেছনে হেলানো থেকে বিরত থাকুন, এতে রক্ত গলায় যেতে পারে।

গরমে এই সমস্যা সাধারণ হলেও সচেতনতা ও সঠিক যত্নই পারে ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে।

ভোরের আকাশ/সু.পা

গরমে নাক দিয়ে রক্ত পড়া বাড়ার কারণ এবং করণীয় | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ