স্বাস্থ্য প্রশাসন

হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায়  সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সুনামগঞ্জে সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৬১৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৯৬ জন। এর ফলে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ১২ হাজার ৩৭৬ জন।

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৫ হাজার ১৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ৯১ হাজার ৪৮৩ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৮ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ২৮৭ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৯১ জন মারা গেছে সিলেটে। সেই সঙ্গে রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৩, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, খুলনায় ২৯ ও রংপুরে নয়জন প্রাণ হারিয়েছে।

ভোরের আকাশ/সু.পা

হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা