হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে বুধবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯২০ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জন।
একই সময়ে মোট ৯৬ হাজার ৮৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
ভোরের আকাশ/সু.পা



