বিশেষ

ক্লান্তি, শরীর ব্যথা ও চুল পড়া ভিটামিন ডি ঘাটতির সাধারণ লক্ষণ

ছবি: সংগৃহীত

বর্তমান ব্যস্ত জীবনযাপন, দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকা এবং পর্যাপ্ত রোদে না যাওয়ার কারণে অনেক মানুষের শরীরে ভিটামিন ডি-র ঘাটতি দেখা দিচ্ছে। চিকিৎসকদের মতে, এই ঘাটতি দীর্ঘদিন অবহেলা করলে হাড়ের সমস্যা, পেশির দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা জানান, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হয় না। এর ফলে হাড় ক্ষয়, শরীরজুড়ে ব্যথা এবং পেশির দুর্বলতা বাড়তে পারে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

যেসব লক্ষণে সতর্ক হবেন
চিকিৎসকদের মতে, ভিটামিন ডি ঘাটতির কিছু সাধারণ লক্ষণ হলো—
পর্যাপ্ত বিশ্রামের পরও ক্লান্ত বা অবসন্ন লাগা।
কোমর, হাঁটু, উরু কিংবা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করা।
ঘন ঘন সর্দি-কাশি, জ্বর বা সংক্রমণে আক্রান্ত হওয়া।
খিটখিটে মেজাজ, উদ্বেগ, হতাশা ও মনোযোগ কমে যাওয়া।
অতিরিক্ত চুল পড়া।
শরীরের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগা।

কারা বেশি ঝুঁকিতে?
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, কিছু মানুষ ভিটামিন ডি ঘাটতিতে বেশি আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে রয়েছেন—
যারা নিয়মিত রোদে যান না।
দীর্ঘ সময় অফিস বা ঘরের ভেতরে থাকেন।
বয়স্ক ব্যক্তি।
গর্ভবতী নারী।
অপুষ্টিতে ভোগা মানুষ।
কিডনি বা লিভারের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি।

করণীয়
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ভিটামিন ডি ঘাটতির সন্দেহ হলে রক্ত পরীক্ষার মাধ্যমে এর মাত্রা পরীক্ষা করা উচিত। পাশাপাশি প্রতিদিন কিছু সময় রোদে থাকা, খাদ্যতালিকায় সামুদ্রিক মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো সচেতনতা ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে ভিটামিন ডি ঘাটতির কারণে হওয়া দীর্ঘমেয়াদি জটিলতা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

ভোরের আকাশ/সু.পা

ক্লান্তি, শরীর ব্যথা ও চুল পড়া ভিটামিন ডি ঘাটতির সাধারণ লক্ষণ | স্বাস্থ্য কথা