স্বাস্থ্য সেবা

কয়েকদিন চলবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কোনো শিশু যেন ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে টানা চার দিন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল খেতে না পারলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন এবং তৃতীয় দিন বাদ পড়লে চতুর্থ দিন তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেই হবে না, নিয়মিত মায়ের দুধও পান করাতে হবে। জন্মের পরপরই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না।” পাশাপাশি বয়স অনুযায়ী শিশুদের বিশুদ্ধ পানি ও পুষ্টিকর সুষম খাবার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

তিনি জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার মজুত না পাওয়ায় একসময় হামের প্রকোপ বেড়েছিল। দায়িত্ব গ্রহণের সময় পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুলও হাতে ছিল না। পরে ইউনিসেফের সহযোগিতায় সরকার প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করে। বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের প্রায় ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল রয়েছে এবং এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৫৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিকার মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “টিকার মান অত্যন্ত ভালো। ইউনিসেফের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মান যাচাইয়ের পরই টিকা দেশে আনা হয়েছে।”

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

কয়েকদিন চলবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা