মেদ ঝরাতে সাইক্লিং কতটা কার্যকর, জানালেন বিশেষজ্ঞরা

ছবি: সংগৃহীত
সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। অধিকাংশ মানুষ হাঁটা বা দৌড়ানোকে সবচেয়ে কার্যকর ব্যায়াম হিসেবে মনে করলেও, বিশেষজ্ঞদের মতে শক্তির সঠিক ব্যবহার বা ‘এনার্জি-এফিশিয়েন্সি’র দিক থেকে সাইক্লিং আরও কার্যকর হতে পারে।
যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ব্যায়াম ও দৌড় প্রশিক্ষক সিয়ারা লুকাস এক প্রতিবেদনে বলেন, দৌড়ানোর তুলনায় সাইকেল চালানো অনেক বেশি মসৃণ ও নিয়ন্ত্রিত ব্যায়াম। পুষ্টি ও ফিটনেসবিষয়ক গবেষণার তথ্য অনুযায়ী, সাইক্লিং শরীরের শক্তির অপচয় কমিয়ে ব্যায়ামকে আরও কার্যকর করে তোলে।
দৌড়ানোর সময় কেন বেশি শক্তি খরচ হয়
বিশেষজ্ঞদের মতে, দৌড়ানোর সময় প্রতিটি পদক্ষেপে শরীরের পুরো ওজন মাটির ওপর আঘাত করে। গতি ধরে রাখতে হাত-পা সমন্বিতভাবে নড়াচড়া করতে হয়। প্রতিবার পা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে শরীরের গতি কিছুটা কমে যায় এবং আবার সামনে এগোতে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়। এই ধারাবাহিক ‘স্টপ অ্যান্ড গো’ প্রক্রিয়ার কারণেই দৌড়ানোর সময় শরীরের শক্তি বেশি খরচ হয়।
সাইক্লিং কীভাবে শক্তি সাশ্রয় করে
সাইক্লিংয়ের ক্ষেত্রে শরীরের গতি থাকে ধারাবাহিক ও স্থিতিশীল। সাইকেলের প্যাডেলের বৃত্তাকার গতি শরীরকে বারবার গতি হারাতে বা পুনরায় গতি অর্জন করতে বাধ্য করে না। ফলে শক্তির অপচয় কম হয়। এ সময় শরীরের ওপরের অংশ প্রায় স্থির থাকে এবং মূল কাজ করে পায়ের পেশিগুলো।
অস্ট্রেলিয়ার বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ব্লেজেভিচ বলেন, দৌড়ানোর তুলনায় সাইক্লিংয়ে অন্তত চার গুণ বেশি শক্তি সাশ্রয় হতে পারে। কারণ, এতে শরীরের জয়েন্ট বা হাড়ের সংযোগস্থলে তুলনামূলক অনেক কম চাপ পড়ে। তার ভাষায়, সাইক্লিং শরীরের তিন ধরনের শক্তির অপচয় কমিয়ে দেয়—অঙ্গপ্রত্যঙ্গের অতিরিক্ত নড়াচড়া, মাটিতে পায়ের আঘাত এবং মাংসপেশির অপ্রয়োজনীয় চাপ।
আরামদায়ক হলেও কার্যকারিতায় কম নয়
অনেকের ধারণা, সাইকেল চালানো তুলনামূলক সহজ হওয়ায় এটি মেদ কমাতে খুব একটা কার্যকর নয়। তবে এই ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন সিয়ারা লুকাস। তার মতে, সাইকেলের প্যাডেলের রেজিস্ট্যান্স বা চাপ বাড়িয়ে দিলে সাইক্লিংও দৌড়ানোর মতোই প্রায় সমান ক্যালোরি পোড়াতে সক্ষম।
এ ছাড়া সাইক্লিং হাড়ের জোড়ে অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই হৃদ্যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে দীর্ঘ সময় ক্লান্তি ছাড়াই ব্যায়াম চালিয়ে যাওয়ার সুযোগ দেয়। তাই নিয়মিত শরীরচর্চায় বৈচিত্র্য আনতে এবং কম চাপের মধ্যে কার্যকর ব্যায়াম করতে চাইলে সাইক্লিং হতে পারে একটি আদর্শ পছন্দ।
ভোরের আকাশ/সু.পা



