মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

ছবি: সংগৃহীত
হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, "মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ এবং নির্ধারিত নিয়মে অপসারণ করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এ বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা করবে। তবে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" মো. শফিকুল ইসলাম খান বলেন, হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছেন। প্রয়োজনে আরও চিকিৎসক ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে।
তিনি বলেন, "হাসপাতাল হবে সেবার স্থান। হাসপাতাল যত ভালো সেবা দেবে, উত্তর সিটি করপোরেশনও তত বেশি সহযোগিতা করবে। দল-মত নির্বিশেষে এলাকার সব মানুষ যেন সুন্দর পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, সেটিই আমাদের প্রত্যাশা।" এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের দ্রুত ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
ভোরের আকাশ/সু.পা



