চিকিৎসক

নিউরোসার্জিক্যাল আইসিইউ এখন সময়ের দাবি: ডা. ইসমাঈল হোসেন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন বলেছেন, চট্টগ্রামে বিশ্বমানের নিউরোসার্জারি সেবা নিশ্চিত করতে শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। পাশাপাশি নিউরোনেভিগেশন প্রযুক্তির সম্প্রসারণ, নিউরো-অনকোলজি মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন এবং স্কাল বেস প্রোগ্রাম চালুর মাধ্যমে এ খাতে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

রোববার (২৮ জুন) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল লিমিটেডে আয়োজিত ‘এ মাইলস্টোন অব এক্সিলেন্স’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সেমিনারে পার্কভিউ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হওয়া ১০০টি ব্রেন টিউমার অস্ত্রোপচারের ক্লিনিক্যাল বৈশিষ্ট্য, টিউমারের ধরন এবং অস্ত্রোপচারের ফলাফল নিয়ে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইসমাঈল হোসেন।

গবেষণায় অংশ নেওয়া ১০০ জন রোগীর তথ্য বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ৪২ শতাংশ নারী। মোট রোগীর ১৩ শতাংশের বয়স ছিল ১৮ বছরের নিচে।

প্যাথলজিক্যাল বিশ্লেষণে দেখা গেছে, রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বিনাইন মেনিনজিওমা, যার হার ৪৩ শতাংশ। অন্যদিকে দ্রুত ছড়িয়ে পড়া ম্যালিগন্যান্ট গ্লিওমা শনাক্ত হয়েছে ২৪ শতাংশ রোগীর ক্ষেত্রে। বাকি রোগীদের বিভিন্ন ধরনের জটিল ক্রেনিয়াল ও স্কাল-বেস টিউমার ছিল।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, অধিকাংশ রোগী মাথাব্যথা, বমি, দৃষ্টিশক্তির সমস্যা, শারীরিক দুর্বলতা ও খিঁচুনির মতো জটিল নিউরোলজিক্যাল উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন।

ডা. ইসমাঈল হোসেনের নেতৃত্বাধীন সার্জিক্যাল টিম মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশের কার্যকারিতা অক্ষুণ্ন রেখে সর্বোচ্চ পরিমাণ টিউমার অপসারণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গবেষণার তথ্য অনুযায়ী, ৮১ শতাংশ রোগীর ক্ষেত্রে সম্পূর্ণ টিউমার অপসারণ, ১৫ শতাংশ রোগীর ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ (নিয়ার টোটাল) অপসারণ এবং মাত্র ৪ শতাংশ রোগীর ক্ষেত্রে জটিল অবস্থানের কারণে আংশিক অপসারণ করা হয়েছে।

অস্ত্রোপচারের পর ফলোআপে দেখা যায়, ৬২ শতাংশ রোগীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং ২৮ শতাংশ রোগীর অবস্থা স্থিতিশীল ছিল। যদিও ১০ শতাংশ রোগীর অবস্থার কিছুটা অবনতি ঘটে এবং ১৮ শতাংশ রোগী সাময়িক জটিলতায় ভুগেছেন, তবুও সামগ্রিক জীবনরক্ষার হার ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।

সেমিনারে ডা. ইসমাঈল বলেন, এই ১০০টি কেসের অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রমাণ করে যে, সফল অস্ত্রোপচারের জন্য নিখুঁত প্রি-অপারেটিভ পরিকল্পনা এবং দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রোগীদের চিকিৎসকের কাছে দেরিতে আসা এবং আর্থিক সীমাবদ্ধতা এখনো সময়মতো চিকিৎসা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে এই সাফল্য ধরে রাখতে একটি পূর্ণাঙ্গ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার ও স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ গড়ে তোলার বিকল্প নেই।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, চট্টগ্রামের নিউরোসার্জারি সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিউরোনেভিগেশন প্রযুক্তির সম্প্রসারণ, নিউরো-অনকোলজি মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন এবং স্কাল বেস প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ১০০টি সফল ব্রেন টিউমার অস্ত্রোপচারের এই মাইলফলক প্রমাণ করে, প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটলে চট্টগ্রামের চিকিৎসকরাই দেশেই বিশ্বমানের নিউরোসার্জারি সেবা দিতে সক্ষম।

 

নিউরোসার্জিক্যাল আইসিইউ এখন সময়ের দাবি: ডা. ইসমাঈল হোসেন | স্বাস্থ্য কথা