পরামর্শ

সব মাশরুম উপকারী নয়, কিছু হতে পারে প্রাণঘাতী

ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক দেশে মাশরুম একটি জনপ্রিয় ও পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য হিসেবে পরিচিত। গবেষণায় দেখা গেছে, মাশরুম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, টিউমার কোষের বিরুদ্ধে কাজ করতে পারে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি হজমশক্তি বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এছাড়া বাত-ব্যথাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রেও মাশরুমের উপকারিতা রয়েছে।

তবে সব ধরনের মাশরুম মানুষের জন্য নিরাপদ নয়। প্রকৃতিতে মাশরুমের হাজারো প্রজাতি রয়েছে, যার অনেকগুলো মানবদেহের জন্য ক্ষতিকর, এমনকি প্রাণঘাতীও হতে পারে।

উদাহরণ হিসেবে, শুধু উত্তর আমেরিকাতেই মাশরুমের ১০ হাজারের বেশি প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে প্রায় ২০ শতাংশ প্রজাতি খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। আর প্রায় ১ শতাংশ প্রজাতি এতটাই বিষাক্ত যে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

বাংলাদেশে মাশরুমের ৮ থেকে ১০টি জাতের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। তবে দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিকভাবে জন্মানো অনেক বুনো মাশরুমও দেখা যায়, যেগুলোর কিছু শরীরের জন্য বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম বলেন, পরিচিত ও পরীক্ষিত জাত ছাড়া অন্য কোনো মাশরুম, বিশেষ করে বুনো মাশরুম খাওয়া উচিত নয়। কারণ সব মাশরুম উপকারী নয়; কিছু মাশরুম মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

তিনি আরও জানান, ‘ব্যাঙের ছাতা’ নামে পরিচিত কিছু বুনো মাশরুমে এমন ধরনের ছত্রাক বা বিষাক্ত উপাদান থাকতে পারে, যা লিভার ও কিডনির জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। তথ্যসূত্র : বিবিসি বাংলা

ভোরের আকাশ/সু.পা

সব মাশরুম উপকারী নয়, কিছু হতে পারে প্রাণঘাতী | স্বাস্থ্য কথা