শিশুর রোগ প্রতিরোধে মায়ের শাল দুধই সবচেয়ে কার্যকর: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
শিশুদের সঠিক পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল বা কৃত্রিম ভিটামিনের ওপর নির্ভর না করে জন্মের পরপরই মায়ের শাল দুধ খাওয়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “শিশুদের রোগ প্রতিরোধে মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না।”
রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেই হবে না, শিশুকে নিয়মিত মায়ের দুধও পান করাতে হবে। বিশেষ করে জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বয়স অনুযায়ী বিশুদ্ধ পানি ও পুষ্টিকর সুষম খাবার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন, যাতে শিশু স্বাভাবিকভাবে প্রয়োজনীয় পুষ্টি পায়।
বিগত সরকারের সমালোচনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পূর্ববর্তী সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার মজুত না পাওয়ায় শিশুরা হামের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল। তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুলও হাতে ছিল না। পরে ইউনিসেফের সহায়তায় আন্তর্জাতিক মানের ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের হামসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



