সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবায়োটিকের চেয়ে প্রতিরোধে জোর স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর না করে প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’
সেমিনারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনার আওতায় শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও আনতে হবে।
সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।
ভোরের আকাশ/সু.পা



