স্বাস্থ্য শিক্ষা

বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস ২০২৬

সঠিক চিকিৎসা, ভালোবাসা ও মানবিক আচরণে সুস্থ জীবনে পেতে পারেন সিজোফ্রেনিয়া রোগী

ছবি: সংগৃহীত

মানসিক রোগ কোনো দুর্বলতা নয়, অবহেলার বিষয়ও নয়। মানসিক স্বাস্থ্য সংকট আজকের পৃথিবীতে নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর তথ্য অনুযায়ী, বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ- অর্থাৎ প্রতি ৮ জনে ১ জন-কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও প্রায় ৩ কোটি মানুষ প্রাপ্তবয়স্ক ও শিশু-কিশোর মিলিয়ে মানসিক রোগের উপসর্গ নিয়ে জীবনযাপন করছেন।

মানসিক রোগগুলোর মধ্যে অন্যতম জটিল হচ্ছে সিজোফ্রেনিয়া। কিন্তু জটিল হলেও রোগটির যথাযথ চিকিৎসা রয়েছে। বিশ্বে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, অর্থাৎ প্রতি ৩৪৫ জনে প্রায় ১ জন। আনুমানিক ৩ লাখ মানুষ বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুঃখজনক হলেও অধিকাংশ রোগী এখনো আধুনিক চিকিৎসার বাইরে রয়ে গেছেন।

সিজোফ্রেনিয়াকে আমাদের সমাজে এখনো অনেকেই “পাগলামি”, “জ্বীনে ধরা” কিংবা অলৌকিক কিছু বলে মনে করেন। রোগটি মূলত ব্রেইনের নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট একটি মানসিক রোগ। যা প্রকাশ পায় অসংলগ্ন আচার-আচরণ ও কথাবার্তার মাধ্যমে।

পরিবারের সহযোগিতা এবং সামাজিক সহমর্মিতা, সময়মতো সঠিক চিকিৎসা পেলে সিজোফ্রেনিয়া রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

আমেরিকার বিখ্যাত গণিতবিদ জন ন্যাশ (John Nash) এর বাস্তব উদাহরণ । দীর্ঘদিন সিজোফ্রেনিয়ার সঙ্গে লড়াই করেও পরিবারের ভালোবাসা, সহায়তা ও সহমর্মিতায় সিজোফ্রেনিয়াকে জয় করে এক ১৯৯৪ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন। তিনি যুগান্তকারী ‘ন্যাশ ইকুইলিব্রিয়াম’ তত্ত্বের প্রবক্তা।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ব্রেইনের ডোপামিন (Dopamine) নিউরোট্রান্সমিটার রিসেপ্টর-ব্লকার এন্টিসাইকোটিক (Antipsychotic) ওষুধ, সহায়তা, সহমর্মিতা, পুনর্বাসন এবং পরিবারের ভালোবাসা, সব মিলিয়েই সিজোফ্রেনিয়া রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

মনে রাখতে হবে, শুধু ওষুধ নয় রোগীর প্রয়োজন সম্মান, গ্রহণযোগ্যতা ও মানবিক আচরণ। বিশ্ব সিজোফ্রেনিয়া দিবসে আমাদের অঙ্গীকার হোক, ‘অবহেলা নয়, চাই সহমর্মিতা ও ভালোবাসার উষ্ণ পরশ।’ সহমর্মিতা ও ভালোবাসা কখনো কখনো ওষুধের মতোই শক্তিশালী।

ভোরের আকাশ/সু.পা

সঠিক চিকিৎসা, ভালোবাসা ও মানবিক আচরণে সুস্থ জীবনে পেতে পারেন সিজোফ্রেনিয়া রোগী | স্বাস্থ্য কথা