স্বাস্থ্যসেবায় এআই প্রযুক্তি, দ্রুত চালু হচ্ছে ই-হেলথ কার্ড

ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক ‘স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বহু প্রতীক্ষিত ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের কনফারেন্স রুমে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘এআইচালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার একটি পরিকল্পিত ডিজিটাল রোডম্যাপ বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতের আধুনিকায়নের কাজ অনেক দূর এগিয়েছে।
তিনি জানান, গত দেড় থেকে দুই বছর ধরে দেশি-বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিস্তৃত পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রসঙ্গ তুলে ডা. এম এ মুহিত বলেন, গত দুই বছরে প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে, তা আগে এক দশকেও দেখা যায়নি। বিশেষ করে স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। এ কারণেই ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশনের মতো আধুনিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং একাডেমিক গবেষকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এনামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



