ম্যালেরিয়া রোগী ও মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে

ছবি: সংগৃহীত
গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরে আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও অর্ধেকের বেশি কমেছে।
মঙ্গলবার (৮ জুলাই) প্রকাশিত কর্মসূচির এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৭৬৩ জন এবং মারা যান ৪৮ জন। অন্যদিকে চলতি বছরের একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৬ জন, আর মৃত্যু হয়েছে ১৯ জনের।
ম্যালেরিয়া একটি মশাবাহিত সংক্রামক রোগ, যা মূলত এনোফেলিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। দেশের পার্বত্য জেলাগুলোতে এ রোগের প্রকোপ তুলনামূলক বেশি। সংক্রমিত ব্যক্তিকে কামড়ানোর পর মশার শরীরে পরজীবী প্রবেশ করে এবং পরে সেই মশা অন্য সুস্থ ব্যক্তিকে কামড়ালে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
ম্যালেরিয়ার সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে কাঁপুনি দিয়ে থেমে থেমে জ্বর আসা, শরীরে তীব্র শীত অনুভব, দ্রুত শরীরের তাপমাত্রা বৃদ্ধি, মাথাব্যথা এবং বমিভাব। গুরুতর ক্ষেত্রে প্রচণ্ড জ্বর, তীব্র মাথাব্যথা, কালো রঙের প্রস্রাব, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো জটিল উপসর্গ দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না হলে এ রোগ প্রাণঘাতী হতে পারে।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ম্যালেরিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ/সু.পা



