সুস্থতা

রোগ প্রতিরোধে সবচেয়ে সহজ অস্ত্র: সঠিকভাবে হাত ধোয়া

ছবি: সংগৃহীত

হাত ধোয়া একটি খুব সাধারণ কাজ হলেও এর গুরুত্ব অনেক সময় আমরা উপেক্ষা করি। অথচ মাত্র ২০ সেকেন্ডের সঠিক হাত ধোয়ার অভ্যাস অসংখ্য সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে। এটি এমন একটি স্বাস্থ্যচর্চা, যার জন্য কোনো বিশেষ যন্ত্র লাগে না এবং খরচও খুবই কম। তবুও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যুগেও চিকিৎসকেরা নিয়মিত হাত ধোয়ার ওপর জোর দেন।

ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগেই হাতের পরিচ্ছন্নতা মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। করোনা মহামারির সময়ও এই বার্তাটি আবার নতুন করে সামনে আসে। পরিষ্কার হাত শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, বরং পুরো সমাজের জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

স্পর্শ থেকেই ছড়ায় সংক্রমণ
আমাদের দৈনন্দিন জীবনে হাত দিয়ে অসংখ্য জিনিস স্পর্শ করা হয়—দরজার হাতল, মোবাইল ফোন, টাকা, গণপরিবহনের রেলিং কিংবা করমর্দন। এসব জায়গায় জীবাণু থাকতে পারে। সব জীবাণু ক্ষতিকর না হলেও কিছু জীবাণু গুরুতর রোগের কারণ হতে পারে।

মুম্বাইয়ের জিনোভা শালবি হাসপাতালের কনসালটিং ফিজিশিয়ান ডা. প্রতীক গোপানি জানান, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অনেক সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং কম খরচের একটি উপায়।

দূষিত হাত মুখ, নাক বা চোখে গেলে জীবাণু সহজেই শরীরে প্রবেশ করে। ফলে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগ ছড়িয়ে পড়তে পারে—শুধু অস্বাস্থ্যকর পরিবেশেই নয়, আপাতদৃষ্টিতে পরিষ্কার জায়গাতেও ঝুঁকি থাকে।

গবেষণা
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানিয়েছে, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা যেসব দেশে উন্নত হয়েছে, সেখানে সংক্রমণের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর ও কম ব্যয়বহুল প্রতিরোধমূলক স্বাস্থ্যাভ্যাসগুলোর একটি।

যে সময়ে অবশ্যই হাত ধোয়া জরুরী
সংক্রমণ সাধারণত বড় ঘটনার মাধ্যমে নয়, বরং ছোট ছোট অসতর্ক মুহূর্ত থেকেই ছড়ায়। অপরিষ্কার হাতের কারণে পেটের সমস্যা, জ্বর, কাশি বা ত্বকের সংক্রমণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিম্নোক্ত সময়ে অবশ্যই হাত ধোয়া উচিত—
টয়লেট ব্যবহারের পর
খাবার খাওয়ার আগে
রান্না শুরুর আগে ও কাঁচা খাবার ধরার পর
কাশি বা হাঁচির পর
টিস্যু ব্যবহারের পর
পোষা প্রাণী বা ময়লা স্পর্শের পর
বাইরে থেকে বাসায় ফেরার পর
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল।

হাত ধোয়া সঠিক নিয়ম
অনেকেই দ্রুত হাত ধুয়ে ফেলেন, কিন্তু এতে জীবাণু পুরোপুরি দূর নাও হতে পারে। সঠিকভাবে হাত ধোয়ার জন্য অন্তত ২০ সেকেন্ড সময় নেওয়া উচিত।
সঠিক পদ্ধতি হলো—
পরিষ্কার পানিতে হাত ভিজানো
সাবান দিয়ে ভালোভাবে ফেনা তৈরি করা
তালু, হাতের পেছন, আঙুলের ফাঁক ও নখের নিচে ভালোভাবে ঘষা
পরিষ্কার পানিতে ধুয়ে ফেলা
পরিষ্কার তোয়ালে বা বাতাসে শুকানো

সাবান জীবাণুর চর্বি ও ময়লা ভেঙে দেয়, ফলে জীবাণু সহজে দূর হয়। শুধুমাত্র পানি অনেক সময় যথেষ্ট নয়। সাবান না থাকলে অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে, তবে দৃশ্যমান ময়লা থাকলে তা পুরোপুরি বিকল্প নয়।

এই অভ্যাস কেন  গুরুত্বপূর্ণ
চিকিৎসাবিজ্ঞান উন্নত হলেও সংক্রমণ এখনো দ্রুত ছড়ায়, বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর, অফিস, স্কুল ও গণপরিবহনে। একজনের অসতর্কতা অনেকের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই হাত ধোয়া শুধু ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, এটি সামাজিক নিরাপত্তার সঙ্গেও জড়িত। এই কারণেই চিকিৎসকেরা আজও হাত ধোয়ার গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দেন—কারণ এই ছোট অভ্যাসই সবচেয়ে সহজ, কার্যকর এবং শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ/সু.পা

রোগ প্রতিরোধে সবচেয়ে সহজ অস্ত্র: সঠিকভাবে হাত ধোয়া | স্বাস্থ্য কথা