রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১২:৫৩ এএম
কেরানীহাটে ইগল বাস উল্টে আহত অনেক যাত্রী
চট্টগ্রামের কেরানীহাটের উত্তর পাশে আন্দারমানিক মাজার সংলগ্ন সড়কে কেরানীহাটগামী ইগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে প্রাথমিকভাবে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে (৭ আগস্ট) বাসটি কেরানীহাট অভিমুখে দ্রুতগতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।
আহতদের কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সাতকানিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে দ্রুত উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভোরের আকাশ/হ.র