মোহাম্মদপুরে ছিনতাই
দায়িত্বে গাফিলতির দায়ে ৪ পুলিশ ক্লোজড

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন। গতকাল শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজান বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সে সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।
মো. ইবনে মিজান জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইউসুফ, সিয়াম এবং জহুরুল।
এ ব্যাপারে আহমাদ ওয়াদুদ ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে ঘটনার বিবরণ তুলে ধরেন, যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছড়াতে থাকে।
ভোরের আকাশ/এসএইচ