সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ৪

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী নয়ন ও তার ৩ সহযোগীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন- সন্ত্রাসী মো.নয়ন (২০) ও তার সহযোগী মো. হৃদয় (২৬), মো. মেহেদি হোসেন (২১) এবং মো. আল-আমিন (২১)।
বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রহাতে শোডাউন ও এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নয়নের গ্যাং শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, নয়নের গতিবিধি প্রযুক্তির সহায়তায় নজরদারিতে রাখা হয়। ভোররাতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে প্রথমে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকিদেরও গ্রেপ্তার করা হয়। অভিযানে নয়ন ও তার সহযোগীদের আস্তানা থেকে দুটি ককটেল, সামুরাই তলোয়ার, চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকালে গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।
ভোরের আকাশ/এসএইচ